জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার পেলেন ১৫ জন নির্মাতা
জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) পুরস্কার পেলেন ১৫ জন অ্যাপ নির্মাতা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল শনিবার অ্যাপ নির্মাতাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের ‘জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ও ডেভেলপার সম্মেলন ২০১৫’ শীর্ষক আয়োজনে সাতটি ক্যাটাগরিতে ১৪টি সেরা মোবাইল অ্যাপ নির্মাতাদের পুরস্কৃত করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়নের জন্য প্রত্যেক অ্যাপ নির্মাতা ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার, সার্টিফিকেটের পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং রবির পক্ষ থেকে ২৫ হাজার টাকা, কিউবির সংযোগসহ ওয়াইফাই রাউটার এবং সিম্ফনির পক্ষ থেকে ট্যাবলেট উপহার দেওয়া হয়। এ ছাড়া প্রতিটি ক্যাটাগরিতে রানারআপের জন্য প্রত্যেককে ক্রেস্ট, সার্টিফিকেট ছাড়াও তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা এবং রবির পক্ষ থেকে ১৫ হাজার টাকা, কিউবির পক্ষ থেকে উপহার দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে সহস্রাধিক ডেভেলপারের মহাসম্মেলনে দেশসেরা এসব ডেভেলপারকে সর্বমোট ১০ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার ও বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
সেরা উদ্ভাবনীকাজের জন্য দেশের সেরা অ্যাপ নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক জানান, এখন থেকে প্রতিবছর সেরা উদ্ভাবনের জন্য এই পুরস্কার দেওয়া হবে। আর খুব বেশি দিন নেই সিলিকন ভ্যালি থেকে আমাদের বাংলাদেশে এসে কাজ করবে অন্য দেশের ডেভেলপাররা।’ আগামী জুন মাসে সারা দেশের বিদ্যালয়গুলোয় প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি।
পুরস্কার প্রাপ্ত অ্যাপ:
ব্যবসাবাণিজ্যে ‘সেলিস্কোপ’ অ্যাপ বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হুম্যাক ল্যাব লিমিটেড, ‘ফিন্যান্স বিডি’ অ্যাপ বানিয়ে রানারআপ হয়েছে বুয়েটের শিক্ষার্থী রাকিব উল আলম। সরকার ও জনসাধারণের অংশীদারত্ব বিষয়ে ‘ফারমার কোয়ারি’ অ্যাপ বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমপাওয়ার এন্টারপ্রাইজেস লিমিটেড, ‘ইউনিভার্সাল মিটার রিডার’ অ্যাপ বানিয়ে রানারআপ হয়েছে সূর্যমুখী লিমিটেড। পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে ‘ক্রিটিক্যাল লিংক’ অ্যাপ বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রিটিক্যাল লিংক, ‘লাইভ ব্লাড ব্যাংক’ অ্যাপ বানিয়ে রানারআপ হয়েছে ইজি টেকনোলজি। শিক্ষা, প্রশিক্ষণ বিষয়ে ‘দুরবিন’ অ্যাপ বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুরবিন ল্যাব, ‘ম্যাথ পার্কিং’ অ্যাপ বানিয়ে রানারআপ হয়েছে টিম ক্রিয়েটিভ।
এ ছাড়া পর্যটন ও সংস্কৃতি বিষয়ে ‘হাজি ইউজার্ড’ অ্যাপ বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ওমলেট, ‘বাস ম্যাপ ঢাকা’র জন্য নারডক্যাটস এবং ‘বাংলাদেশ ফ্লাইট লাইভ’ অ্যাপের জন্য স্মার্টড্রয়েড যৌথভাবে রানারআপ হয়েছে। বিনোদন ও লাইফস্টাইল বিষয়ে ‘ট্যাপ ট্যাপ আন্টস: ব্যাটেল ফিল্ড’ গেম বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাইজ আপ ল্যাবস, ‘বইপোকা’ অ্যাপ বানিয়ে রানারআপ হয়েছে মবিঅ্যাপ লিমিটেড। মিডিয়া ও সংবাদ বিষয়ে ‘দেশি আইপিটিভি’ অ্যাপ বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হক জাপান ট্রেড অ্যান্ড ট্রেডিং এবং ‘বাঙ্গি নিউজ’ অ্যাপের জন্য রানারআপ হয়েছে বাঙ্গি নিউজ।
উল্লেখ্য দেশের মোবাইল অ্যাপ্লিকেশন শিল্প বিস্তারের লক্ষ্যে নির্মাতাদের কাছ থেকে গত বছরের অক্টোবরে কার্যকর উদ্ভাবনী সেরা অ্যাপ জমা দেওয়ার আহবান জানায় তথ্যপ্রযুক্তি বিভাগ। দীর্ঘ যাচাই-বাছাই এবং জুরি বোর্ডের মূল্যায়ন শেষে গতকার সেরা অ্যাপ নির্মাতাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিসের সভাপতি শামীম আহসান, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আবির, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের উপদেষ্টা সামন্ত লাল সেন, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী, অভিনেতা-পরিচালক অনন্ত জলিলসহ অনেকে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








