News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১৮:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২০

গুগল সার্চে খুঁজে নিন হারানো ফোন

গুগল সার্চে খুঁজে নিন হারানো ফোন

অনাকাঙ্খিত কোন ঘটনায় বা নিছকই মনের ভুলে ফোন হারিয়ে আর মন খারাপের দিন শেষ। গুগল সার্চে এখন খুঁজে পাওয়া যাবে হারানো ফোন। গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের মাধ্যমে সম্প্রতি গুগল কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েডচালিত ফোনের অবস্থান ট্র্যাক করার সুবিধা যোগ করেছে সার্চ ইঞ্জিনে। এজন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল অ্যাপের নতুন সংস্করণ ডাউনলোড করে গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আর গুগল অ্যাকাউন্টের ‘ফাইন্ড মাই ফোন’ সুবিধা নিয়ে খুঁজে পাওয়া যাবে হারানো ফোন সেটের অবস্থান।

এই সুবিধা থেকে গুগলের মাধ্যমে ফোনে কল দেওয়া যাবে। এ ছাড়াও ফোনটি কোথায় আছে সে অবস্থানটি ম্যাপের মাধ্যমে দেখাবে গুগল। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বা ট্যাব থেকেও গুগল অ্যাপের মাধ্যমে ফোন খোঁজা যাবে।

অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা অবশ্য ‘ফাইন্ড মাই ফোন’ অ্যাপটির মাধ্যমে হারানো ফোন খুঁজে পাওয়ার সুবিধাটি আগে থেকেই পান। অ্যাপল ডিভাইসে অ্যাপটি ডাউনলোড করার পর ব্যবহারকারীরা আইক্লাউড অ্যাকাউন্ট থেকে ফোনে কল দেওয়া বা ম্যাপের মাধ্যমে ফোনের অবস্থান বের করতে পারেন।

‘ফাইন্ড মাই ফোন’ ফিচার প্রসঙ্গে ব্যবহারকারীদের প্রতি বার্তায় গুগল জানায়, আপনার কম্পিউটার কোথায় সেটা যদি জানেন, তাহলে ডেস্কটপ থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোন কোথায় আছে তা খুঁজে নিতে পারেন। অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যে গুগল অ্যাপ ইনস্টল করে ফোনের খোঁজ করতে পারবেন। প্রথমে আপনাকে অ্যাকাউন্টে লগইন করতে হবে। ব্রাউজারে গুগল ডটকম লিখে সেখান থেকে ফাইন্ড মাই ফোন সার্চ দিতে হবে। এরপর গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে হারানো ফোন।

তবে, খেয়াল রাখতে হবে যে, প্রথমত আপনাকে ফোনটিতে গ্লোবাল পজিশনিং অপশন বা জিপিএস যেন অবশ্যই অন থাকে। পাশাপাশি একই সঙ্গে সমস্ত গুগল অ্যাপ আপটুডেট রাখতে হবে। আর সবকিছু ঠিক থাকলে মোবাইলটির হদিশ পাওয়ার পর ‘রিং অন্ মাই ফোন’ কমান্ড দেওয়ার সাথে সাথেই আপনার হারানো ফোনে প্রায় মিনিট পাঁচেক ধরে রিং বাজতে থাকবে উচ্চস্বরে। এছাড়াও এই সার্চ ইঞ্জিনের সাহায্যেই প্রয়োজনে হারিয়ে যাওয়া ফোনের সব তথ্য মুছে দেওয়া যাবে ও সেখান থেকেই ফোন লকও করা যাবে মাউজের ক্লিকেই৷

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়