News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:২২, ১৭ জানুয়ারি ২০২০

দুই দিন পর তসলিমার অ্যাকাউন্ট খুলে দিল ফেসবুক

দুই দিন পর তসলিমার অ্যাকাউন্ট খুলে দিল ফেসবুক

নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনের এফবি অ্যাকাউন্ট দুই দিন বন্ধ রাখার পর আবার খুলে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ভারতে অবস্থানরত তসলিমা অভিযোগ করেন, ইসলামী মৌলবাদীদের চাপে ফেসবুক কর্তৃপক্ষ তার আইডি বন্ধ করে দিয়েছিল।

তসলিমা গত ১৩ এপ্রিল রাতে এক টুইট বার্তায় ফেসবুক কর্তৃপক্ষের ওই পদক্ষেপের কথা জানান। পরে গতকাল বুধবার রাতে আরেক টুইট বার্তায় অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবর নিশ্চিত করেন।

মৌলবাদীদের হুমকিতে ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হওয়া এই লেখক মঙ্গলবারের টুইট বার্তায় বলেন, "যখন ইসলামী মৌলবাদীরা আমার কোনো পোস্ট নিয়ে অভিযোগ তোলে তখনই স্টুপিড ফেইসবুক কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্ট ডিসঅ্যাবল করে দেয়।"

ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ হলে তার অনেক লেখা হারিয়ে যাবে উল্লেখ করে তসলিমা বলেন, পাঠকদের সঙ্গে যোগাযোগেরও আর কোনো পথও তার থাকবে না।

তিনি বলেন, "বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ঢোকায় আমার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পাঠকরা আমার লেখা পড়তে পারেন না, কারণ সেগুলোও নিষিদ্ধ। তাই পাঠকদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে আমি ফেইসুবক ব্যবহার করতাম।"

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, তসলিমার ফেসবুক আইডি বন্ধ করে দেওয়ার খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই তার পাশে দাঁড়ান। ভারতের ললিত কলা অ্যাকাডেমির সাবেক চেয়ারম্যান অশোক বাজপেয়ি, হিন্দি ভাষার লেখক মৃদুলা গার্গসহ কয়েকজন লেখক ও সংস্কৃতিকর্মী ফেইসবুকের এ ধরনের আচরণের সমালোচনা করেন।

পরে বুধবার রাতে আরেক টুইটে ফেসবুক কর্তৃপক্ষ তার আইডি খুলে দেওয়ার খবর জানিয়ে তসলিমা বলেন, "সংবাদ মাধ্যম, ফেইসবুক বন্ধু আর আমার ফলোয়ারদের ধন্যবাদ; যারা আমাকে সমর্থন দিয়েছেন। হে ফেইসুবক, ফ্যানাটিকদের কথায় কান দিও না।"

তসলিমা দাবি করেন,  ফেইসবুকে তার বন্ধুর সংখ্যা ৫ হাজার, আর ফলোয়ার ৭৪ হাজারের বেশি।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়