আসন সংকট নিরসনে স্কুল-ভবন সম্প্রসারণের উদ্যোগ
রাজধানীসহ সারা দেশে শিক্ষার্থীদের আসন সংকট নিরসনে স্কুলগুলোর ভবন সম্প্রসারণের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার বিকেলে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানও উপস্থিত ছিলেন।
আগামী অর্থ বছরে বিভিন্ন নতুন প্রকল্প নিয়ে পরিকল্পনামন্ত্রী জানান, ঢাকা শহরসহ বড় বড় শহরের নামীদামি স্কুলগুলোতে প্রকট ভর্তি সংকট নিরসনে স্কুল-ভবন সম্প্রসারণ করা হবে। গ্রামের স্কুলগুলোও সম্প্রসাণ করা হবে বলে তিনি জানান।
মন্ত্রী ঢাকা শহরসহ বড় বড় শহরের প্রসঙ্গে বলেন, "এখন মায়েরা তাদের সন্তানদের নামিদামি স্কুলে ভর্তি করাতে পারে না। এ সংকট কাটাতে এসব স্কুলে ১৫ থেকে ২০ তলা পর্যন্ত ভবন সম্প্রসারণ করা হবে।" এর ফলে স্কুলগুলোত প্রায় দুই লাখ অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুস্তফা কামাল।
গ্রামের স্কুলগুলোর ধারণক্ষমতা বাড়াতে নতুন ভবন নির্মাণ ও পুরনো ভবন সম্প্রসারণ করার পরিকল্পনার কথা জানান তিনি।
মুস্তফা কামাল বলেন, "গ্রামের স্কুলগুলোও তিন থেকে চার তলা করা হবে। নতুন স্কুল ভবনগুলো টাইলস দিয়ে তৈরি করা হবে।"
পরিকল্পনামন্ত্রী এসময় আরও বলেন, "পরীক্ষার জন্য কোনো স্কুল বন্ধ থাকবে না। স্কুল খোলা রেখে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।"
বৈঠকে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি ও ব্যয় বিবেচনায় সর্বনিম্ন অগ্রগতি সম্পন্ন ১০টি মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








