News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৫, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২০

শিক্ষককে লাঞ্ছনাকারী ম্যাজিস্ট্রেটের প্রত্যাহার দাবি

শিক্ষককে লাঞ্ছনাকারী ম্যাজিস্ট্রেটের প্রত্যাহার দাবি

ঢাকা: এইচএসসি পরীক্ষা চলাকালীন ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে কর্তব্যরত প্রধান প্রত্যবেক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

রোববার এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। স্মারকলিপিতে তারা এ ঘটনায় ম্যাজিস্ট্রেটকে সহযোগিতাকারী কলেজ অধ্যক্ষের অপসারণও দাবি করেন।

এ বিষয়ে  বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আগামী ২৬ এপ্রিল সারাদেশে শিক্ষা প্রশাসনসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কর্মবিরতি পালন করবে। এবং পরবর্তীকালে আরও কঠোর কর্মসূচিতে যাবে।”

জানা গেছে, ৯ এপ্রিল এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম পরীক্ষা কক্ষের মধ্যেই উচ্চস্বরে ফোনে কথা বলছিলেন। এসময় কর্তব্যরত প্রধান প্রত্যবেক্ষক ও শিক্ষা ক্যাডারের সদস্য মোনতাজ উদ্দিন তাকে বাইরে গিয়ে কথা বলতে বলেন। এতে ম্যাজিস্ট্রেট ক্ষিপ্ত হয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ডেকে পাঠান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কলেজে পুলিশ ও সাংবাদিকের সামনেই ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করার কথা বলেন। এক পর্যায়ে কলেজ অধ্যক্ষ ওই শিক্ষককে ম্যাজিস্ট্রেটের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করান।

ঘটনাটি শোনার পর শিক্ষা ক্যাডারের সারাদেশের শিক্ষকরা ক্ষুব্ধ হন। এ ঘটনায় এর আগে আগামী ২৩ এপ্রিল পরীক্ষার পূর্বে ওই ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করতে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছে শিক্ষা সমিতি।

নিউজবাংলাদেশ.কম/সবি/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়