যৌন নিপীড়ন
জাবি ছাত্রলীগের ৮ জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আট ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারাজানা ইসলাম তার নির্বাহী ক্ষমতাবলে ডিসিপ্লিনারি বোর্ডের ৮-ধারা অনুযায়ী এ বহিষ্কারাদেশ দেন। তবে এখন পর্যন্ত বহিষ্কৃতদের নাম প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, “প্রশাসনিক আদেশের মাধ্যমে আটজনকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তদন্তের স্বার্থে অভিযুক্ত ও অভিযোগকারী কারো নামই প্রকাশ করা হচ্ছে না।”
এছাড়া এ ঘটনার বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ থেকে আগামীকাল শনিবার বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষক মঞ্চের মুখপাত্র দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, “কর্মসূচির পর আমরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেব।”
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে হলে ফেরার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে যৌন হয়রানির শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। বৃহস্পতিবার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এ ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্রলীগ কর্মীকে সংগঠন থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








