News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০০, ১৮ জানুয়ারি ২০২০

স্পিকারের সঙ্গে বিশ্বব্যাংক কর্মকর্তার সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে বিশ্বব্যাংক কর্মকর্তার সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এনেটি ডিকসন।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ওয়াশিংটনের বিশ্বব্যাংকের সদর দপ্তরে সোমবার তারা সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, “সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিভিন্ন সূচকে অনেক এগিয়েছে। এখন উন্নয়নকে টেকসই রূপদানে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতাকে প্রাধান্য দিতে হবে।”

এসময় তিনি এমডিজির পরে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনে তিনি বিশ্বব্যাংক ও আইএমএফসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এনেটি ডিকসন বলেন, “উন্নয়নমূলক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাংক কাজ করে যাচ্ছে।

এ সময় তারা বাজেট বাস্তবায়ন, জেন্ডার সংবেদনশীল বাজেট তৈরী, নারী নেতৃত্বকে এগিয়ে নেয়াসহ টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় আলোচনা করেন। এছাড়াও সরকারি হিসাব কমিটিসহ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণলয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাধ্যমে সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে আলোচনা হয়। জাতীয় সংসদে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন এসপিও প্রকল্পের বিভিন্ন কর্মকান্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় স্পিকার বলেন, “স্থায়ী কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি কমিটিতে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভূমিকা রাখছে এবং সংসদীয় জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকাকে আরোও জোরদার করছে এবং কমিটির কার্যক্রমকে আরোও গতিশীল করছে।”

সাক্ষাৎকালে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়