ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়।
কর্তৃপক্ষ জানায়, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। এ অবস্থায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহনসহ পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পাশাপাশি পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে একাধিক ফেরি আটকে রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজন নিহত
বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিস সূত্রে জানা যায়, ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী দুর্ঘটনার আশঙ্কা থাকায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত ফেরি সার্ভিস চালু করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








