প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মুদি দোকানি আটক
বাগেরহাট: ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অশ্লীল মন্তব্য করায় কচুয়ায় এক মুদি-দোকানিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার গজালিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সরোয়ার হোসেন রনি (৩০) গজালিয়া ইউনিয়নের সোনাকান্দোর গ্রামের আব্দুস কুদ্দুস ডাকুয়ার ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী নিউজবাংলাদেশকে বলেন, “আটককৃত ব্যক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অশ্লীল মন্তব্য ও সরকার পতনে উস্কানিমূলক বিবৃতি দিয়ে ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জনকে পোস্ট করে।”
তিনি আরো বলেন, “বিষয়টি নিশ্চিত হবার পর কচুয়া উপজেলার গজালিয়া বাজার থেকে সকালে তাকে আটক করা হয়।”
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কাওসার আলী বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭(২)-৬৬ (১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। আটক সরোয়ার হোসেন রনিকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








