News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

দূষণে মরছে কুমার নদের মাছ

দূষণে মরছে কুমার নদের মাছ

ঝিনাইদহ: জেলার শৈলকুপার কুমার নদে একে একে মরে ভেসে উঠছে মাছ ও জলজ প্রাণী। নদের পানি দূষিত হওয়ার ফলে এমনটি ঘটছে বলে ধারণা করা হচ্ছে। এতে পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দিয়েছে।

গত মঙ্গলবার থেকে এ নদের পানি হঠাৎ করেই কালো বর্ণ ধারণ করে। এর পর থেকেই নদীটিতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে উঠতে থাকে।

এদিকে মাছ ভেসে উঠতে দেখে নদী তীরবর্তী গ্রামগুলোর নারী, পুরুষ ও শিশুরা জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে নদীটিতে নেমে পড়ে। বিশেষত উপজেলার গাড়াগঞ্জ এলাকায় এ দৃশ্য বেশি দেখা যাচ্ছে। গ্রামবাসীর জালে ধরা পড়ছে পুটি, চিংড়ি, টেংরা, ফলই, বাইমসহ বিভিন্ন দেশীয় মাছ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাথাভাঙ্গা নদী থেকে উৎপত্তি হয়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার উপর দিয়ে মাগুরার মধুমতি নদীতে গিয়ে মিশেছে কুমার নদ।

এ খবরের সত্যতা স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা শংকর চন্দ্র হাওলাদার জানান, নদীর পানি দূষিত হয়ে কালো হয়ে গেছে। পানিতে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এ কারণে মাছ ভেসে উঠছে ও মারা যাচ্ছে। তবে ঠিক কি কারণে পানি দূষণ হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।

নিউজবাংলাদেশ.কম/এসআরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়