News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২২, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০

যৌন সন্ত্রাসের বিরুদ্ধে নারী সংহতির মানববন্ধন

যৌন সন্ত্রাসের বিরুদ্ধে নারী সংহতির মানববন্ধন

ঢাকা: বর্ষবরণ উৎসবে নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনায় জড়িত যৌন সন্ত্রাসীদের অবিলম্বে আটক করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে নারী সংহতি।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় নারীর ওপর যৌন সন্ত্রাসের প্রতিবাদে’ আয়োজিত এক মানবন্ধনে নারী সংহতি এ দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বর্ষবরণ উৎসবে হাজার হাজার মানুষের মধ্যেই যৌন সন্ত্রাসীরা নারীদের ওপর হামলা চালায়। পেছনের কোন শক্তির বলে তারা এই হামলা চালানোর সাহস করে? এমনকি পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই তারা বিভিন্নস্থানে এসব যৌন হয়রানির ঘটনা ঘটিয়েছে।”

বিভিন্ন গণমাধ্যমের খবর তুলে ধরে বক্তারা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের অনুষ্ঠানে ছাত্রলীগের কর্মীরা নারীদের ওপর যৌন সন্ত্রাসের ঘটনা ঘটায়। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন সন্ত্রাসের সাথে জড়িত থাকায় ছাত্রলীগের ৬ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশের নির্লজ্জ মিথ্যাচার করে চলছে।”

এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ শাসনামলেই ঢাবি এলাকায় নারীকে যৌন নিপীড়ন করা হয়েছিল উল্লেখ করে তারা বলেন, “এবারের মতো তখনও যথেষ্ট সাক্ষ্য প্রমাণ সত্ত্বেও মামলাতে খালাস পায় আসামিরা। তাতে এটা স্পষ্ট যে রাষ্ট্র এখন ধর্ষক-নিপীড়কদের রাজনৈতিক পাহারাদার হিসেবে পরিণত হয়েছে।”

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারী সংহতির সভাপতি শ্যামলী শীল, সহ-সভাপতি তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক অপরাজিতা দেব, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মরিয়ম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক উম্মে হাবিবা বেনজির, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সদস্য আমেনা রিনা এবং শিল্পী ও সাংস্কৃতিক কর্মী কাজী কৃষ্ণকলি ইসলাম।

নিউজবাংলাদেশ.কম/সবি/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়