পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কঠিন পরীক্ষায় তামিম
ঢাকা: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগেই বুধবার কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে। ফর্মে না থাকায় তাকে বুধবার ফতুল্লায় পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে পরীক্ষা দিতে হচ্ছে। অন্যদিকে বিসিএলে দারুণ পারফরম্যান্স দেখানোর কারণে অলরাউন্ডার নাসির হোসেনকে প্রস্তুতির পরীক্ষা দিতে হচ্ছে না।
জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। শুধু তাই নয়,পাকিস্তান সিরিজের প্রস্তুতিমূলক বিসিএলের ওয়ানডে ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান তামিম।
পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে দলে রাখা হয়েছিল নাসিরকে। কিন্তু বিসিএলে ভালো পারফরম্যান্স দেখানোর কারণে নাসিরকে প্রস্তুতি ম্যাচ খেলতে হচ্ছে না। নাসিরের পরিবর্তে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের অধিনায়কত্ব করছেন জাতীয় দলের আর এক ব্যাটসম্যান মুমিনুল হক।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ নিউজবাংলাদেশকে বলেন, “পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নাসির হোসেনের পরিবর্তে আমরা তামিমকে খেলাচ্ছি। কারণ নাসির বিসিএলে দারুণ ক্রিকেট খেলেছে। তামিম ইকবাল ফর্মে না থাকার কারণে তাকে আমরা প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ দিচ্ছি।’’
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম








