News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪২, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

বেলের সেঞ্চুরিতে কক্ষপথে ইংল্যান্ড

বেলের সেঞ্চুরিতে কক্ষপথে ইংল্যান্ড

ঢাকা: ইংলিশ ক্রিকেটে কেভিন পিটারসেনের শূন্যতা নিয়ে কথার অন্ত নেই। ব্যাটিং অর্ডারে তার চার নম্বর পজিশন নিয়েও কথা ওঠে ফুরসত পেলেই। কিন্তু কেপির শূন্য আসনে বসা বেল নিভৃতেই তার কাজটা করে যাচ্ছেন।

সোমবার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। আর সেটা দলের খুব প্রয়োজনের সময়েই। তাতে করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েও কক্ষপথে ফিরতে পেরেছে অ্যালিস্টার কুক বাহিনী। টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ডে জমা করেছে পাঁচ উইকেটে ৩৪১ রান।

ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ অধিনায়ক দিনেশ রামদিন। তার সে সিদ্ধান্তের সার্থকতা প্রমাণ করতে খুব বেশি সময় নেননি জেরোম টেইলর। ইনিংসের পঞ্চম বলেই অবসাদ থেকে ফেরা জোনাথন ট্টটকে সাজঘরে ফেরান ক্যারিবিয়ান পেসার। পাঁচ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই আউট হন তিনি।

সফরকারীদের ইনিংসের এই ক্ষতটা আরো বড় হয়ে ওঠে দলটির অধিনায়ক অ্যালিস্টার কুকের বিদায়ে। ২৮ বল মোকাবেলা করে ১১ রান করে কেমার রোচের বলে বোল্ড আউট হন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। ইনিংসের অস্টম ওভারের শেষ বলে। ওয়ান ডাউনে নামা গ্যারি ব্যালান্সও আস্থার প্রতিদান দেখাতে পারেননি। ১৬.৫ ওভারে জেসন হোল্ডারের বলে ডোয়াইন ব্রাভোর হাতে ক্যাচ দেন তিনি। ১০ রান আসে ব্যালান্সের ব্যাট থেকে।

তবে চতুর্থ উইকেট জুটিতে জো রুট ও ইয়ান বেল জুটি দারুণ প্রতিরোধ গড়েন। এ দুজন ৪৬.৩ ওভার অবিচ্ছিন্ন থেকে স্কোরবোর্ডে ১৭৭ রান যোগ করে। টেইলরের বলে রুটের বিদায়ে সেই জুটি ভাঙে। ৬৩.২ ওভারে দলীয় ২১১ রানের মাথায়।

পঞ্চম উইকেট জুটিতে বেন স্টোকসের সঙ্গতও দারুণ উপভোগ করছিলেন বেল। তবে খুব বেশি এগোতে পারেননি। দুজন একসাথে অবস্থান করে স্কোরবোর্ডে আরো ১৩০ রান যোগ করে আউট হন বেল। ২৫৬ বলে ১৪৩ রান করার পর। দিনের খেলা শেষ হবার এক ওভার আগে। দিনশেষে স্টোকস ৭১ আর জেমস ট্রেডওয়েল ০ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: প্রথম ইনিংস-৩৪১/৫ (৯০ ওভার), বেল ১৪৩, রোচ- ২/৬৬।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়