News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৫, ১৮ জানুয়ারি ২০২০

এটাই সিরিজ জেতার সেরা সুযোগ: সাকিব

এটাই সিরিজ জেতার সেরা সুযোগ: সাকিব

 

ঢাকা: সাকিব আল হাসান আগেও একবার বলেছিলেন, এদিন আবার বললেন। পাকিস্তান নয়, আসন্ন হোম সিরিজে বাংলাদেশই এগিয়ে। তাছাড়া পাকিস্তানকে হারানোর এটাকেই সেরা সুযোগ হিসেবেও মনে করছেন মাশরাফি মর্তুজার সহকারী। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান সাকিব।

নিয়মিত অধিনায়ক মাশরাফির অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দিতে যাওয়া সাকিব ১৬ বছরের জয়বন্ধ্যাত্ব ঘোচাতে বদ্ধপরিকর। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে দেশসেরা ক্রিকেটার বললেন, “জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। জানিনা অন্যরা কী চিন্তা করছে? আপনাদের কী ধারনা? কিন্তু আমরা যদিও আগেই চিন্তা করি যে পারব না, তাহলে জয় পাওয়া দুঃসাধ্য। ১৬ বছর হয়নি বলে এবারও হবে না এমন তো নয়। তাহলে তো বাংলাদেশ ক্রিকেট এখানেই থেমে যাবে।”

পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ চাপে থাকবে কিনা এমন প্রশ্নে সাকিব বলেন, “যখন আমরা বলি জেতার সুযোগ কম, কেবলমাত্র প্রতিপক্ষ দল খারাপ খেললেই আমাদের সুযোগ তৈরি হবে; তখনোও আমরা চাপে থাকি। আর যদি বলি আমরাই ফেভারিট, তখনো চাপে থাকি। আসলে ঘরের মাঠে সবসময় চাপে থাকি আমরা। সুতরাং আমার মনে হয় না এটা নিয়ে কেউ কোন চিন্তা করছে। আসলে আমাদের বিশ্বাস পাকিস্তানের বিপক্ষে আমরাই ফেভারিট। আমাদের ক্ষমতা আছে সিরিজ জেতার।  আর এটাই আমাদের সেরা সুযোগ।”

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে পাকিস্তান দলের হার নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়কের মত, “প্রস্তুতি ম্যাচের ফল কোন দলের ওপর কতোটা প্রভাব ফেলে তা বলা কঠিন। তবে ভালো দিক হচ্ছে জাতীয় দলের কিছু খেলোয়াড় গতকাল অনুষ্ঠিত ফতুল্লার ম্যাচটিতে খেলেছে। তারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দলের সবার সাথে ভাগাভাগি করতে পারে। যাতে করে সবার আত্মবিশ্বাসটা আরো চওড়া হবে। সবমিলিয়ে পুরো দল ভালো একটা ছন্দে আছেন এখন। দারুণ একটা আবহ বইছে।”

পাকিস্তান সিরিজটাকে কী স্পেশালভাবে নিচ্ছেন- এমন প্রশ্নে সাকিব বলেন, “না, স্পেশাল বলব না। তবে তাদের বিপক্ষে ভালো করার জন্য এখন পর্যন্ত এটাই আমাদের সেরা সুযোগ।” বিশ্বকাপের পারফরম্যান্স উল্লেখ করে ২৭ বছর বয়সী ক্রিকেটার আরো বলেন, “বিশ্বকাপে ধারাবাহিকতা দেখাতে পেরেছি। এখন সেটা যদি ধরে রাখতে পারি, তাহলে রেজাল্টটা আমাদের পক্ষে আসবে। সেটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশ দলকে।”

পাকিস্তান দলে নতুন অনেক খেলোয়াড় থাকার কারণেই কি সিরিজ জিততে চান- এমন প্রশ্নে সাকিব বলেন, “অবশ্যই এটা একটি কারণ। সেই সঙ্গে আমরাও ভালো খেলছি। আর ওরা হয়তো ওদের সেরা ফর্মে নেই। তবে পাকিস্তান দলে এমন অনেক খেলোয়াড় আছেন যারা এখনো ম্যাচ জেতাতে পারেন। তা নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের। আর সবার মাঝে এই বিশ্বাস ছড়িয়ে দিতে হবে যে, পাকিস্তানের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরা ক্রিকেটাই খেলতে হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়