তৃতীয় দিনেও ইংলিশ আধিপত্য
ঢাকা: অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ১১ রান করেছিলেন অ্যালিস্টার কুক। দ্বিতীয় ইনিংসে ইংলিশ অধিনায়কের ব্যাটে এসেছে ১৩ রান। অন্যদিকে জোনাথন ট্টট প্রথম ইনিংসে ‘ডাক’ মারার পর দ্বিতীয় ইনিংসে ৪ রানে আউট হন। দুই ওপেনারের এমন অনুজ্জ্বলতা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের রাশ সফরকারী ইংল্যান্ডের হাতেই।
বুধবার অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ৩৮ ওভার ব্যাট করে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে তারা লিড পায় ১০৪ রানের। ফলে দুই ইনিংস মিলিয়ে কুক বাহিনী ইতোমধ্যেই ২২০ রানের লিড পেয়েছে। এর মাঝে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৯৫ রানে অলআউট হয়।
টেস্টের দ্বিতীয় দিনের চার উইকেটে সংগ্রহ করা ১৫৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে আর ৩৭ রান যোগ করে অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপল আউট হয়ে যান। ১৩৯ বলে ৪৬ রান করার পর জেমস ট্রেডওয়েলের শিকার হন তিনি। দ্রুত ফেরেন দিনেশ রামদিনও। ব্যক্তিগত ৯ রান করে ৯০ ওভারের চতুর্থ বলে জস বাটলারের হাতে ক্যাচ দেন উইকেটকিপার ব্যাটসম্যান। সেঞ্চুরি হাঁকিয়ে আরেক পাশ থেকে ভালোই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন জার্মেইন ব্লাকউড।
কিন্তু নন-স্ট্রাইকে কেউ সেভাবে দাঁড়াতে না পারায় গতি পায়নি ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা। ৩৩১ মিনিট ক্রিজে থেকে ২২০ বল মোকাবেরায় ২ ওভার বাউন্ডারি ও ১৪ চারে ১১২ রান করে অপরাজিত থাকেন ব্লাকউড। ইংল্যান্ড অলরাউন্ডার ট্রেডওয়েল তার ডানহাতি অফব্রেকে ২৬ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। দুটি করে উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৮ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করেছে। গ্যারি ব্যালান্স ৪৪ আর জো রুট ৩২ রানে ব্যাট করছেন। অ্যালিস্টার কুক ১৩, জোনাথন ট্টট ৪ ও ইয়ান বেল ১১ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেরোম টেলর ৮ ওভার বল করে ১২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








