পিএসজি-কে উড়িয়ে সেমিফাইনালের পথে বার্সা
ঢাকা: চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় ৩-১ গোলে প্যারিস-সেইন্ট-জার্মেইনকে (পিএসজি) উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লুইস এনরিকের দলটি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে বুধবারের এই খেলায় বার্সার পক্ষে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। নেইমার পেয়েছেন এক গোল। তবে মেসি কোনো গোল পাননি।
প্রথমার্ধের খেলায় ১৮ মিনিটের মাথায় বার্সার হয়ে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার।
দ্বিতীয়ার্ধের খেলায় ৬৭ মিনিটের মাথায় গোলের দেখা পান সুয়ারেজ। ৭৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
খেলার ৮২তম মিনিটে আত্মঘাতী গোলে সান্ত্বনা পায় পিএসজি। স্বাগতিক দলের ফন ডারের শট বার্সা ডিফেন্ডার জেরেমি ম্যাথিউয়ের পায়ে লেগে বার্সার জালে বল জড়ায়।
শুরু থেকেই ছন্দে ছিলেন এনরিকের ত্রিশূল মেসি-নেইমার-সুয়ারেজ।
ম্যাচের ১৪ মিনিটে গোলের ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পরেননি মেসি। লুইস সুয়ারেজের পাসে ডি-বক্সের প্রান্তে দাঁড়ানো আর্জেন্টাইন অধিনায়ক তার বিখ্যাত বাম পায়ের জাদুতে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠালেও তা গোলপোস্টে বাধা পেয়ে ফিরে আসে।
এর ৪ মিনিট পরই পাল্টা আক্রমণে মেসির যোগানো বল থেকে ডান পায়ের দারুণ এক শটে পিএসজির জালে বল জড়ান নেইমার।
এরপর প্রথমার্ধ্বে কোনো দলই আর গোলের দেখ পায়নি। এক গোল নিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধ্ব শুরুর পর ম্যাচের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। পিএসজি ডিফেন্ডার লুইসকে বোকা বানিয়ে ডান পাশ দিয়ে ডি-বক্সের দুইজনকে টপকে বল জালে পাঠান উরুগুয়ের এ তারকা। ৭৯ মিনিটে দলকে তৃতীয় গোল উপহার দেন তিনি।
এর তিন মিনিট পরে বার্সা তারকা জেরেমি ম্যাথিউ বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ালেও তাতে শুধু সামান্য ব্যবধান কমার সান্ত্বনা পায় পিএসজি।
আগামী মঙ্গলবার নিজ মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি ম্যাচে আবারও পিএসজির মুখোমুখি হবে কাতালানরা।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








