News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫২, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৮, ১৯ জানুয়ারি ২০২০

‘রান করতে না পারায় তামিম সবচেয়ে বেশি হতাশ’

‘রান করতে না পারায় তামিম সবচেয়ে বেশি হতাশ’


ঢাকা: ব্যাটে রান না পাওয়ায় ভক্তদের থেকে আরো বেশি হতাশ নাকি খোদ তামিম ইকবাল! বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে এমন কথা জানান। এই সময় পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো খেলার প্রত্যয়ও ব্যক্ত করেন লঙ্কান মগযাস্ত্র। আর সেটা অবশ্যই দলীয়ভাবে।

আগামী শুক্রবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচে মাঠে নামবে উজ্জীবিত টিম বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বুধবার মিরপুরে কঠোর অনুশীলন করেছে মাশরাফিরা। অন্যদিকে একই দিনে ফতুল্লায় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়েছে সাব্বিররা।

মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে হাথুরুসিংহে বলেন,“কোন জায়গায় উন্নতি দরকার, তা নিয়ে আমরা কথা বলেছি। একই সাথে ভালো ফলাফলের জন্য কীভাবে কী করতে হবে তা নিয়েও আলোচনা হয়েছে। সামান্য কিছু বিষয়ে উন্নতির প্রয়োজন আছে। আশা করি সিরিজে আমরা ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব।”

দলের ওপেনিং জুটি নিয়ে বাংলাদেশ কোচের মত,“প্রতিটি ম্যাচে ওপেনার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আসলে আমি চাই ওপেনিং জুটিটা যাতে দাঁড়িয়ে যায়। আসলে এ বিষয়টি খেলোয়াড়দের ওপর নির্ভর করছে। রনি তার যোগ্যতা দেখিয়েই দলে সুযোগ পেয়েছে। দুই ফরম্যাটের ক্রিকেটেই সে প্রচুর রান করেছে। সে জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার ছিল। এখন দেখার বিষয় আন্তর্জাতিক ম্যাচে সে কী করতে পারে।”

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দল নিয়েও খুশি হাথুরুসিংহে। এ বিষয়ে তিনি বলেন,“ দল ভালো হয়েছে। আমরা নিজেদের মাটিতে খেলব। সুতরাং এখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ার জন্য আমাদের সেরা দলই নির্বাচিত করা হয়েছে।” তামিম ইকবালের বিষয়ে তিনি বলেন,“রান  করতে না পারার জন্য অন্য সবার চেয়ে তামিমই বেশি হতাশ। সে অবশ্যই বেশি রান করতে পছন্দ করে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে যে কোনো দলের জন্যই পরিস্থিতি কঠিন ছিল। সে সেখানে একটি ম্যাচ উইনিং ইনিংস খেলেছে। অন্য ছেলেরা ফর্মে আছে। আমাদের একাধিক অপশনও আছে।”

এবার পাকিস্তান সিরিজে কোন দল এগিয়ে থাকবে জানতে চাইলে তিনি বলেন,“আমি বলব না যে আমরা এগিয়ে আছি। কারণ রেকর্ড বলছে তারা (পাকিস্তান) বাংলাদেশে সব সময় ভালো খেলে। আমরা তাদের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছি। আশার বিষয় হলো এখন আমরা একটি দল হিসেবে খেলতে পারছি। আশা করি এবার আমরা তাদের বিপক্ষে ভালোই খেলব।”

দলের পেসারদের পারফরম্যান্স নিয়ে হাথুরুসিংহে বলেন,“এখানে কন্ডিশন একটু অন্য রকম। পেসাররা খুব একটা সুবিধা পাবে না। অবশ্য আমাদের বোলিং বিভাগে বেশ বৈচিত্র্য আছে। এখানকার কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য তারা যথেষ্ট ভালো। আজমলের নতুন অ্যাকশনে এখনো তাকে দেখিনি। আমার মনে হয় সে আগের মতো প্রভাব খাটাতে পারবে না। তবে তার অভিজ্ঞতাকে সম্মান দিতেই হবে।”

পাকিস্তানের লেগ স্পিনারদের নিয়ে তিনি বলেন,“ওদের কোনো খেলোয়াড় নিয়ে আমরা ভাবছি না। আমাদের নিজস্ব পরিকল্পনা আছে। আমি জানি, তাদের বোলিং বিভাগ খুবই ভালো। সুতরাং তাদের হারাতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়