News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৮, ১১ মে ২০২৫

সৌদি পৌঁছেছেন ৩৭,৮৩০ হজযাত্রী, ভিসা হয়নি ৯২৩ জনের

সৌদি পৌঁছেছেন ৩৭,৮৩০ হজযাত্রী, ভিসা হয়নি ৯২৩ জনের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৩৭ হাজার ৮৩০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৯৪টি ফ্লাইটে এসব যাত্রী মক্কা-মদিনার পথে রওনা হন। তবে এখনও ৯২৩ জন হজযাত্রীর ভিসা জারি হয়নি।

রবিবার (১১ মে) হজ সংশ্লিষ্ট সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তথ্য নিশ্চিত করেছে হজ হেল্প ডেস্ক, যা বাংলাদেশ হজ অফিস, সিভিল অ্যাভিয়েশন অথরিটি, বিভিন্ন এয়ারলাইন্স ও সৌদি আরবের সূত্রে তৈরি হয়েছে।বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত হজের জন্য ৮৬ হাজার ১৭৭টি ভিসা ইস্যু করা হয়েছে। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বাকি ৩৩ হাজার ২৬৬ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়। 

আ.লীগের ফেসবুকসহ অনলাইন কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বিটিআরসি

ফ্লাইট পরিচালনায় সবচেয়ে বেশি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যাদের ৪৬টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করেছে। সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট সম্পন্ন করেছে।

এ বছর হজযাত্রীদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। মৃতদের মধ্যে রয়েছেন— জামালপুরের বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু এবং ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট ৩৯৮ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এ ফ্লাইটের মাধ্যমে ২০২৫ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

চলতি বছর সরকারিভাবে হজে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজ পরিচালনায় অংশ নেওয়া হজ এজেন্সির সংখ্যা ৭০টি। সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সম্ভাব্য হজের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুন।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং ১০ জুলাইয়ের মধ্যে শেষ ফ্লাইট ফিরবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়