আ.লীগের ফেসবুকসহ অনলাইন কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বিটিআরসি
ছবি: আওয়ামী লীগের দলীয় ফেসবুক পেজ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটির ফেসবুক পেজসহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পরিপত্র আকারে জারি হওয়ার অপেক্ষায় সংস্থাটি।
রবিবার (১১ মে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
এর আগে, শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এনসিপি নেতারাদের প্রতিক্রিয়া
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, শুধু অফলাইনে নয়, অনলাইন জগতেও আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি।’
ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে দলটির একটি ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে। পেজটিতে বর্তমানে ফলোয়ার প্রায় চার মিলিয়ন (৪০ লাখ)।
গতকাল শনিবার রাতে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই পেজটিতে পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানানো হয়। পরে আনুষ্ঠানিক এক বিবৃতিতেও পেজে শেয়ার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এনডি








