News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

দেশে প্রথমবারের মতো চালু হলো পশুপ্রাণীর অ্যাম্বুলেন্স 

দেশে প্রথমবারের মতো চালু হলো পশুপ্রাণীর অ্যাম্বুলেন্স 

ফাইল ছবি

যারা বাসায় কুকুর-বিড়ালের মতো প্রাণী পোষেন, তাদের সারাক্ষণই দুশ্চিন্তায় থাকতে হয় প্রিয় প্রাণীটিকে নিয়ে। কখনো তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক যানবাহন খুঁজে পাওয়া তাদের জন্য প্রায়ই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

এই বিষয়টি মাথায় রেখে দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ‘সুস্থতা’ নামের একটি প্রতিষ্ঠান। 

গত ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হয়েছে। যানবাহনের অভাবে অসুস্থ পোষা প্রাণীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, এ সেবার মাধ্যমে তা নিশ্চিতের চেষ্টা করা হবে। 

‘সুস্থতা’র চেয়ারম্যান অ্যাঞ্জেলো আফনান হামিদ তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, যেকোনো পোষা প্রাণীর মালিকের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর মধ্যে একটি হলো, যখন তাদের পোষা প্রাণী অসুস্থ হয়ে পড়ে। আমার একটি পোষা কুকুর ছিল। যেহেতু আমার নিজের গাড়ি ছিল না, তাই কুকুরকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে গাড়ি রেন্ট করতে হতো। অনেক চালকই রাজি হতেন না ওকে নিতে। তারা বলতেন, গাড়িতে পোষা প্রাণী নেওয়ার অনুমতি নেই তাদের। আমাকে অসংখ্যবার এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি, মানুষের মতো পোষা প্রাণীরও একটি ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন। 

আরও পড়ুন: ঘন ঘন সর্দি-কাশিতে আক্রান্ত হলে মেনে চলুন ৫ পরামর্শ 

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মেজবাউল আমিন বলেন, দেশব্যাপী থাকা এই অ্যাম্বুলেন্স সেবাটি আপনার পোষা প্রাণীটিকে কাছাকাছি পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যাবে, এমনকি শহরের বাইরেও পাঠানো সম্ভব হবে। এই অ্যাম্বুলেন্সের সার্ভিস চার্জ সাধারণ অন্যান্য অ্যাম্বুলেন্সের মতোই।

তিনি আরও জানান, আমাদের লক্ষ্য খুব সাধারণ—কোনো পোষা প্রাণী যেন যানবাহনের অভাবে চিকিৎসা না পায়। জরুরি হোক বা নিয়মিত চেকআপ, এই অ্যাম্বুলেন্স সার্ভিস সারাদেশে কাজ করবে। যেকোনো সময় www.susthotaa.com এ অ্যাম্বুলেন্স সেবা প্রি-বুক করতে পারেন। আর জরুরি সেবার জন্য 09601 222 777 নম্বরে কল করতে পারেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়