News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪১, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৭, ১৯ জানুয়ারি ২০২০

মুজাহিদ-সাকার আপিল শুনানি ২৮ এপ্রিল

মুজাহিদ-সাকার আপিল শুনানি ২৮ এপ্রিল

ঢাকা: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরবর্তী আপিল শুনানির জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট।

বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর ৩ সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সুপ্রিম কোর্টের বুধবারের কার্যতালিকায় আসে মুজাহিদ ও সাকা চৌধুরীর আপিল আবেদন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে দেখা গেছে, বুধবারের আপিল বিভাগের কার্যতালিকার দুই নম্বরে ‍আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং তিন নম্বরে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাটি আদেশের জন্য রাখা হয়েছে।

গত বুধবারও তাদের আপিল আবেদন কার্যতালিকায় ছিল।

মহান মুক্তিযুদ্ধে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সে রায়ের বিরুদ্ধে ওই বছর ১১ আগস্ট আপিল করেন মুজাহিদ।

একাত্তরে চট্রগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এসব অভিযোগ থেকে খালাস চেয়ে টাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ওই বছর ২৯ অক্টোবর আপিল করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়