জব্বারের নাম ইন্টারপোলে, জানালো ট্রাইব্যুনাল
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের নামও ইন্টারপোলের রেড নোটিসের তালিকায় এসেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. আফতাবউজ্জামান জানান, বুধবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরকে পুলিশ সদর দপ্তর থেকে একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ইন্টারপোলের রেড নোটিসে আসার সংবাদ দেশের অনলাইন সংবাদ মাধ্যম ও টিভি চ্যানেলে প্রকাশিত হয় ১৪ এপ্রিল। তারেকের আগেই যে আবদুল জব্বারের নামও আছে তাও প্রকাশ করে গণমাধ্যমগুলো।
গত বছরের ৩ ডিসেম্বর জব্বারের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হয়। এ বছরের ২৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেন। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, জাতীয় পার্টির সাবেক সাংসদ পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বার একাত্তরে মুক্তিযুদ্ধকালে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য মানবতাবিরোধী অপরাধ করেছেন। কিন্তু বয়স বিবেচনায় তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ওএস/এজে
নিউজবাংলাদেশ.কম








