ফখরুলের ছয় মাসের জামিন
ঢাকা: গাড়ি পোড়ানোর একটি মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার হাই কোর্ট তাকে এ জামিন দেন।
পল্টন ও মতিঝিল থানায় তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর চারটি মামলা আছে।
অপর তিন মামলায় কেন তাকে জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ২ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
নিউজবাংলাদেশকে এসব তথ্য জানান বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও এজে মোহাম্মাদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন হাই কোর্টে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদনগুলো দায়ের করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে জেলহাজতে আছেন।
গত ৪ জানুয়ারি ফখরুলসহ ২৪ বিএনপি নেতার বিরুদ্ধে মতিঝিল ও পল্টন থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। একই অভিযোগে পল্টন থানায় অন্য দুটি মামলা দায়ের করা হয় ৬ জানুয়ারি ও গত বছরের ২৯ ডিসেম্বর।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এফই/এজে
নিউজবাংলাদেশ.কম








