News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৭, ২৪ ডিসেম্বর ২০২৫

বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ 

বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ 

ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

 প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান, সহিদুল ইসলামসহ অন্যরা।

রেদোয়ানুল ইসলাম ও গ্রেফতার অপর আসামি বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলমের পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ এবং রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।

মামলায় পলাতক রয়েছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

এদিন সকালে ঢাকার সেনানিবাসের সাব-জেল থেকে প্রিজনভ্যানে করে রেদোয়ানুল ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ২২ অক্টোবর ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান এবং পলাতক আসামিদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

আরও পড়ুন: প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী, প্রজ্ঞাপন জারি

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে দেশজুড়ে ব্যাপক হত্যাকাণ্ড ঘটে। রামপুরায় নিহত হন অন্তত ২৮ জন, আহত হন আরও অনেকে। তদন্ত প্রতিবেদনে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালানোর নেতৃত্ব দেওয়ার অভিযোগে রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে পৃথক ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়