প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী, প্রজ্ঞাপন জারি
ফাইল ছবি
আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে গেজেট জারি করেছে সরকার।
বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশিত হয়।
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রধান বিচারপতির নিয়োগ চূড়ান্ত করেন। বঙ্গভবনে আগামী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে মাস্টার্স ডিগ্রিও গ্রহণ করেন।
আরও পড়ুন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু
তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারক হন। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি তাকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








