দক্ষিণ আফ্রিকায় বিদেশিবিরোধী সহিংসতায় ৩০৭ জন গ্রেফতার
দক্ষিণ আফ্রিকায় ধারাবাহিকভাবে অভিবাসীদের ওপর হামলা ও সহিংসতায় জড়িত অভিযোগে তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মালুসি গিগাবা ৩০৭ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসি জানায়, সহিংসতায় জড়িত ব্যক্তিদের উদ্দেশে এক সতর্কবার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
গত দুই সপ্তাহে দেশটিতে অভিবাসীদের দোকান-পাটে লুটপাট ও নৃশংস হামলার ঘটনায় অন্তত ৬ জন বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় হাজারো অভিবাসী ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন।
সহিংসতার কারণে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ইন্দোনেশিয়া সফর বাতিল করে গতকাল ডারবানে শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। জুমা বিদেশিবিরোধী সহিংসতা বন্ধের আশ্বাস দিয়েছেন।
এদিকে, জুলু সম্প্রদায়ের রাজা বা গোষ্ঠী প্রধানকে বিদেশিদের বিরুদ্ধে সাম্প্রতিক এই হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
গত মাসে এক ভাষণে জুলু রাজা অপরাধের হার বৃদ্ধির জন্য বিদেশিদের নিন্দা করে বলেন, ‘তাদের অবশ্যই তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে হবে।’
জুলু রাজার বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তদন্ত করা হবে বলে বিবিসিকে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন।
অভিবাসীদের ওপর হামলা বন্ধের আহবান জ্যাকব জুমার
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের ওপর হামলা, নিহত ৫
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








