অভিবাসীদের ওপর হামলা বন্ধের অাহবান জ্যাকব জুমার
দক্ষিণ অাফ্রিকায় চলমান অভিবাসীদের ওপর হামলা বন্ধের অাহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা। বিদেশিদের ওপর হামলাকারীরা দক্ষিণ অাফ্রিকার মূল্যবোধের ওপর অাঘাত হানছে বলেও মন্তব্য করেন তিনি। বিবিসি।
বন্দর নগরী ডারবানে স্থানীয়দের হামলার ঘটনায় দেশটিতে অবস্থানরত বিদেশিদের একটি শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে শনিবার জুমা এই অাহ্বান জানান। ডারবানে গত কয়েকদিনে লুটপাট ও নৃশংস হামলায় ৬ বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছে।
এসব হামলার ঘটনা আমাদের বিশ্বাসের পরিপন্থী বলে উল্লেখ করে জ্যাকব জুমা বলেন, "দক্ষিণ অাফ্রিকার অধিকাংশ জনগণই ভালোবাসা, শান্তি ও বন্ধুত্বে বিশ্বাসী।"
বিবিসি জানায়, স্থানীয়দের কর্মক্ষেত্র অভিবাসীরা নিয়ে নিচ্ছে অভিযোগ তুলে এসব হামলা চালানো হচ্ছে।
সাম্প্রতিক এই হামলার কারণে আতঙ্কে অনেক বিদেশি দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। দেশটি থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মালাউয়ির সরকার। মোজাম্বিক তাদের পালিয়ে আসা নাগরিকদের জন্য সীমান্তে শিবির খুলেছে।
গত কয়েক সপ্তাহে জোহানেসবার্গ, ডারবানসহ দেশটির বিভিন্ন শহরে বিদেশিদের ওপর একের পর এক হামলার ঘটনায় অভিবাসীদের মধ্যে ভয়ের সাথে সাথে তৈরি হয়েছে ক্ষোভ। সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন অনেকে। জোহানেসবার্গে ইথিওপীয়, এবং সোমালীয়রা লুঠপাটের ভয়ে তাদের দোকান বন্ধ রাখছে।
বিদেশিদের ওপর এসব হামলার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় শহর ডারবানে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








