ব্রাজিলে দুর্নীতির দায়ে ক্ষমতাসীন দলের কোষাধ্যক্ষ গ্রেফতার
দুর্নীতির অভিযোগে ব্রাজিলের ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির কোষাধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক আকারে বিক্ষোভের পর গ্রেফতার জোয়াও ভাক্কারি দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, অর্থ পাচার ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোবাসের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে বুধবার সকালে জোয়াও ভাক্কারিকে গ্রেফতার করা হয়। তবে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ও ভাক্কারির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এদিকে, গত রোববার দেশটির দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীরা রুসেফের অভিশংসন দাবি করে আসছেন। জোয়াও ভাক্কারির গ্রেফতারের ঘটনায় রুসেফের ওপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট দিলমা রুসেফের রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে আয়োজিত ওই বিক্ষোভে প্রায় ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে বলে দাবি করা হয়েছে।
বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন দলটি রাষ্ট্রচালিত তেল কোম্পানি পেট্রোবাসের সাথে ঘুষ লেনদেনে জড়িত। অবশ্য বিরোধীদের এই অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট রুসেফ।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








