ইয়েমেনে জাতিসংঘের শান্তিদূতের পদত্যাগ
উপসাগরীয় দেশগুলোর সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে ইয়েমেনে জাতিসংঘের শান্তিদূত জামাল বেনোমার পদত্যাগ করেছেন। ইয়েমেনে নিজস্ব পরিকল্পনার ব্যাপারে উপসাগরীয় দেশগুলোর সমর্থন না পাওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
গতকাল বুধবার জাতিসংঘের এক কর্মকর্তা জামাল বেনোমারের পদত্যাগের কথা নিশ্চিত করেছেন। আরব দেশগুলোর অভিযোগ, জামালকে বোকা বানিয়েছে হুতিরা।
এএফপি জানায়, মরক্কোর এই কূটনীতিক ২০১২ সাল থেকে ইয়েমেনে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল আউলদ শেখ আহমেদ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইয়েমেনে চলমান সংঘাতের অবসান এবং দ্রুত শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহবান জানানোর পর পরই পদত্যাগ করলেন জামাল।
এদিকে, স্পেন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ইয়েমেন সংকট নিরসনে তেহরানের চার দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকারী করা, ইয়েমেনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ত্রাণ সামগ্রী প্রেরণ, আন্ত-ইয়েমেনি সংলাপ শুরু করা এবং ব্যাপক ভিত্তিক জাতীয় সরকার গঠনের কথা প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় বলা হয়েছে।
এই পরিকল্পনা উপস্থাপনের সময় তিনি বলেন, বিদেশি হস্তক্ষেপ ব্যতিরেকে ইয়েমেনের জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দিতে হবে।
সশস্ত্র হুতি বিদ্রোহীরা গত সেপ্টেম্বরে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। একপর্যায়ে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদি সৌদিতে পালিয়ে যান। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে গত ২৬ মার্চ থেকে দেশটিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী বিমান হামলা শুরু করে।
আরব জোট বাহিনীর হামলার পাশাপাশি বিবাদমান পক্ষের সমর্থক বিভিন্ন বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছে। এতে ৭০০ জনের বেশি লোক নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় তিন হাজার মানুষ।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








