চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন, মহাসচিব টুটুল
চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব। ছবি: সংগৃহীত
দফায় দফায় পেছানোর পর অবশেষে নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আগামী দুই বছরের জন্য সমিতির সভাপতি শাহীন সুমন ও মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল।
শুক্রবার (৯ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।
নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি আবুল খায়ের, উপমহাসচিব কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সায়মন তারিক, প্রচার, প্রকাশনা ও দফতর সচিব ওয়াজেদ আলী, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বন্ধন বিশ্বাস, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে- ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন, পল্লী মালেক, জাকির হোসেন, বজলুর রাশেদ চৌধুরী, সাইদুর রহমান, হাবিবুল ইসলাম, জয় সরকার, গাজী মাহবুব ও বুলবুল বিশ্বাস।
বিজয়ী হয়ে প্রতিক্রিয়ায় নতুন সভাপতি শাহীন সুমন বলেন, বিপুল ভোটে বিজয়ের জন্য সবার কাছে কৃতজ্ঞতা। এই বিজয় আমাদের একা নয়, সবার। সবার প্রতি অসীম ভালোবাসা। সাধারণ সদস্যরা বারবার আমাকে নির্বাচিত করছে। তাদের কৃতজ্ঞতায় সব সময় থাকতে চাই। বারবার এভাবে নির্বাচিত করুক।
আরও পড়ুন: ‘ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই’
তিনি বলেন, আমাদের প্রথম কাজ হবে সংগঠনকে এগিয়ে নেওয়া। সমিতির কল্যাণে কাজ করব। আমরা ইশতেহার দিয়ে নির্বাচন করি না, কাজে প্রমাণ দেই। বরাবরের মতো এবারও কাজে প্রমাণ দেব।
নবনির্বাচিত মহাসচিব শাহীন কবির টুটুল বলেন, বিভিন্ন কারণে নির্বাচনে জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সাধারণ সদস্যদের অংশগ্রহণে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আমরা বিজয়ী হয়েছি। আমি মার্কেটিংয়ের লোক। কিভাবে সংগঠন এগিয়ে নিতে হবে, সেটা জানি। নিয়মিত কাজগুলো চালিয়ে নেব।
প্রসঙ্গত, এর আগে কয়েকদফা নির্বাচনের তারিখ ঘোষণা হলেও শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








