বৈশাখের অ্যালবাম ‘আকাশ দিলাম খুলে’
ঢাকা: সোহেল অটলের কথায় ও সুমন কল্যাণের সুরে প্রকাশিত হয়েছে বৈশাখী মিক্সড অ্যালবাম ‘আকাশ দিলাম খুলে’। এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, লুৎফর হাসান, রন্টি দাস, মুহিন, তাসিফ, চন্দ্রা রায় ও বেলী আফরোজ।
শিল্পকলা একাডেমির গানমেলায় এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অ্যালবামটির কণ্ঠশিল্পীরা।
এসময় উপস্থিত ছিলেন আল হাসান ডায়মন্ড গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খায়রুল হাসান, ঈগল মিউজিকের ব্যবস্থাপনা পরিচালক কচি আহমেদ প্রমুখ।
মোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো রুচিশীল শ্রোতাদের মন কাড়বে বলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন।
গানগুলোর মধ্যে রয়েছে নীল সমুদ্দুর, প্রজাপতি পথে, অভিমানী সন্ধ্যা, সুতোকাটা ঘুড়ি, লাল নীল ভালোবাসা, আকাশ দিলাম খুলে ও মুঠো মুঠো সুখ।
এ প্রসঙ্গে অ্যালবামের গীতিকার সোহেল অটল বলেন, “লিরিকের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে এই অ্যালবাম করার সময়। আমার ঢঙেই আমি লিখেছি। সুমন দা ভালো সুর করেছেন। শিল্পীরাও সবাই অসাধারণ গেয়েছেন। রুচিশীল শ্রোতাদের শোনার মত গান হয়েছে বলে আমার বিশ্বাস।”
সুরকার সুমন কল্যাণ বলেন, “এই অ্যালবামের কাজটা করে তৃপ্তি পেয়েছি। আমার পছন্দসহ লিরিক পেয়েছি। শিল্পী নির্বাচনও সুন্দর ছিল। গান শুনে রুচিশীল শ্রোতাদের ভালো লাগবে আশা করছি।”
‘আকাশ দিলাম খুলে’ অ্যালবামের আয়োজক লুৎফর হাসান। অ্যালবামটি প্রকাশিত হয়েছে ‘ঈগল মিউজিক’ এর ব্যানারে। এটি স্পন্সর করেছে ‘আল-হাসান ডায়মন্ড গ্যালারি’।
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








