News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৯, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

হামলার নিন্দা ও সেনাবাহিনী মোতায়েনের দাবি

হামলার নিন্দা ও সেনাবাহিনী মোতায়েনের দাবি

ঢাবি: সোমবার বিকেলে সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারকাজ চালানোর সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রচার বহরে হামলা, গাড়ি ভাঙচুর ও কয়েকজনকে আহত করার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল।

সিটি নির্বাচনে তারা সেনা মোতায়েনেরও দাবি জানান।

মঙ্গলবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমিনুর রহমান মজুমদার ও যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেগম জিয়ার নির্বাচনী প্রচার কাজ শুরু করার পর থেকে সরকার ও ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেতারা বেগম জিয়াকে রাজপথে প্রতিহত করার জন্য নানা রকমের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। আমাদের ধারণা, এতে উদ্বুদ্ধ হয়ে সরকার সমর্থিতরা রোববার উত্তরায় নির্বাচনী প্রচারকালে তার ওপর হামলার চেষ্টা এবং সোমবার কারওয়ান বাজারে হামলার ঘটনাটি ঘটিয়েছে।

হামলা ও ভাঙচুরের ঘটনায় বিস্ময় প্রকাশ করে বিবৃতিতে বলা হয়,  এ ধরণের ঘটনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করবে। আর এটি গণতন্ত্রমনস্ক কারো কাছে কাম্য নয়। তাই গতকালের হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়