News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৬, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

শিক্ষককে মারধর

বুয়েট ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার

বুয়েট ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলমকে বিভাগ থেকে ধরে এনে মারধরে ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরো দুইজনকে বিভিন্ন মেয়াদে থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৮ ও ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার রাতে চিঠির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি তাদের জানিয়ে দেয়া হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের চিঠি দিয়ে বহিষ্কারের কথা জানানো হয়।

বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক বহিষ্কারে চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

“শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা এবং এ ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট, ভাবমূর্তি নষ্ট করার জন্য চার ছাত্রকে বহিষ্কার করা হলো” বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বহিষ্কারের প্রতিক্রিয়ায় কনক বলেন, “এটা খুবই অন্যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব। আর প্রশাসনকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সাতদিনের আল্টিমেটাম দেব।”

যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন কনক।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল জামায়াতের সিনিয়র সহকারী-সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েট শিক্ষক অধ্যাপক জাহাঙ্গীর আলম। স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের অফিসে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে।


নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়