News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৫, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১৪:১৬, ২৮ জানুয়ারি ২০২০

‘শরণার্থী’ তারেকের নামে ইন্টারপোলের ‘রেড নোটিস’

‘শরণার্থী’ তারেকের নামে ইন্টারপোলের ‘রেড নোটিস’

গত ছয় বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ইতোমধ্যে বাংলাদেশি পাসপোর্ট বৈধতার সময় পেরিয়ে গেছে তার। তিনি এখন শরণার্থী হিসেবে দেশটিতে অবস্থান করছেন। সেই ‘শরণার্থী’ তারেকের বিরুদ্ধে এবার রেড ওয়ারেন্ট জারি করেছে ইন্টারপোল। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন সংক্ষেপে ইন্টারপোল ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড মামলায় অভিযুক্ত তারেক রহমানকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করেছে।

এ ‍মুহূর্তে ইন্টারপোলের ওয়েবসাইটে বাংলাদেশের ৬৭ জন তালিকাভুক্ত ব্যক্তির নাম রয়েছে। এতে সবার শেষে যোগ হয়েছে তারেক রহমানের নাম। সেখানে তার ছবি ও বিবরণ দেওয়া হয়েছে। তারেকের ঠিক আগের নামটি হচ্ছে মানবতাবিরোধী অপরাধে দণ্ড পাওয়া পলাতক আসামি আবদুল জব্বারের।

বিএনপির এই জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের ছবিসহ ইন্টারপোলের ‘ওয়ান্টেড’-এ বলা হয়েছে, বাংলাদেশের বিচার বিভাগ তাকে বিচারের মুখোমুখি করার জন্য খুঁজছে।

২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি তারেক। পুলিশের তদন্তে দেখা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই ওই হামলার লক্ষ্য ছিল।

এ ঘটনায় দায়ের করা মামলার ৫২ আসামির মধ্যে তারেক রহমানসহ ১৯ জনই পলাতক রয়েছেন। এছাড়া জরুরি অবস্থার সময় দায়ের হওয়া কয়েকটি মামলায়ও আসামি তারেক।

গত বছর বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধু বিষয়ে আপত্তিকর ও অসার বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির কয়েক ডজন মামলা হয় দেশের বিভিন্ন স্থানে। সে সূত্রে বাংলাদেশেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আইনের দৃষ্টিতে ‘পলাতক’ তারেকের কোনো বক্তব্য বা বিবৃতি বাংলাদেশের সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার বা প্রকাশের ওপর আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে।

প্রসঙ্গত, গত ডিসম্বরে দেশের একটি আদালত তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় ইস্যু হওয়া ওয়ারেন্ট প্রত্যাহার করে নেয়। ওই মামলায় বেকসুর খালাস পাওয়ায় আদালত তার বিরুদ্ধে জারি করা ‘রেড নোটিশ’ প্রত্যাহার করে।

নিউজবাংলাদেশ.কম/পিআর

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়