ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষ, নিহত ২
খুলনা: খুলনার চুকনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে চুকনগর সাতক্ষীরা মহাসড়কের চুকনগর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটর সাইকেল চালক সাতক্ষীরা বালিয়াডাঙ্গা গ্রামের হারুন অর রশিদ (৪২) এবং আরোহী যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের হাফিজুর রহমানের পুত্র মোস্তাফিজুর রহমান (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে চুকনগর বাসস্ট্যান্ড থেকে একটি ভাড়ায় চালিত (বাজাজ প্লাটিনা মোটর সাইকেল যশোর-হ-১২-৫৩৯৭) চালিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি চুকনগর ডিগ্রি কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (চট্র মেট্রো ড- ২৬৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেল চালক হারুন অর রশিদ (৪২) এবং মোস্তাফিজুর রহমান (৪০) সাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান তারা।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, “চুকনগর হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ হাইওয়ে ফাঁড়িতে রাখা ছিল।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








