কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহবান জাতিসংঘের
মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড অবিলম্বে স্থগিতের আহবান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি গতকাল বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান।
সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন খারিজের পর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা সময়ের ব্যাপার বলে বলা হচ্ছে জানিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র বলেন, তার মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমরা জরুরিভিত্তিতে আহ্বান জানাচ্ছি।
একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ফাঁসির আদেশের বিরুদ্ধে কামারুজ্জামানের করা আবেদন গত সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেন।
বাংলাদেশে বিদ্যমান মৃত্যুদণ্ডের বিধানের বিরোধিতা করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মৃত্যুদণ্ডের ওপর মুলতবি আরোপ করতে সরকারের প্রতি আহবান জানান।
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডের উপর কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেওয়া সুপ্রিম কোর্টের আদেশের কপি গতকাল কারাগারে পৌঁছেছে। কারা কর্তৃপক্ষ কামারুজ্জামানকে রায় পড়ে শুনিয়েছে। প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, এ ব্যাপারে আজ বৃহস্পতিবার কারাগারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন তিনি।
২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








