ফরিদপুরে বাস খাদে, নিহত ২৫
ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলার কইডুবী এলাকায় সোনারতরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও ২৭ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনার জন্য যাত্রীরা চালকের অসাবধানতাকে দায়ী করেছেন। তবে বাসচালক ও তার সহযোগীর দাবি যাত্রীবেশে কয়েকজন ডাকাত জোর করে বাসটির নিয়ন্ত্রণ নেয়ার কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়েছে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, বাসের চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে ধারণা করছে হাইওয়ে থানা পুলিশ।
আহতদের উদ্ধার করে ফরিদপুর হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। এ পর্যন্ত হতাহত কিংবা বাসটির চালক ও তার সহকারী কারও পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, নিহত যাত্রীরা বরিশালের বলে ধারণা করা হচ্ছে। লাশগুলো ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








