News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৪, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩১, ১৯ জানুয়ারি ২০২০

কামারুজ্জামানের লাশ দাফনের প্রস্তুতি

কামারুজ্জামানের লাশ দাফনের প্রস্তুতি

শেরপুর: শেরপুরের বাজিতখিলা এলাকার নিজগ্রামে প্রতিষ্ঠিত এতিমখানার পাশে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামারুজ্জামানের লাশ দাফনের প্রস্তুতি চলছে।

৮ এপ্রিল বুধবার বিকেলে বাজিতখিলা মুদিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, এতিমখানার পশ্চিম পাশের রাস্তা সংলগ্ন স্থানে একটি ধানক্ষেতের কাঁচা ধান কেটে সেখানে ট্রাকে করে মাটি ফেলে ভরাট করা হচ্ছে।

স্থানীয় উৎসুক লোকজন সেখানে ভিড় করতে দেখা গেছে। কামারুজ্জামানের ছোট ভাই মো. কফিল উদ্দিন ও পরিবারের লোকজন সেখানে উপস্থিত থেকে দাফনের জন্য কবরস্থান তৈরি করার কাজ তদারক করছেন।

কামারুজ্জামানের ছোট ভাই মো. কফিল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “কামারজ্জামানের ইচ্ছা ছিল, মৃত্যুর পর তার লাশ তার প্রতিষ্ঠিত এতিমখানার পাশে যেন দাফন করা হয়। সে মোতাবেক লাশ দাফনের জন্য পারিবারিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফাঁসি কার্যকরের পর তার লাশ আমাদের পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি।”

কামারুজ্জামানের ভাতিজা ফারুক হোসেন (৩৮) বলেন, “কামারুজ্জামান শেরপুরের সন্তান। তিনি নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। আমরা চাই, তার লাশ শেরপুরের মাটিতেই দাফন করা হোক।”

এদিকে জামায়াত নেতা কামারুজ্জানের লাশ শেরপুরে দাফন না করার জন্য শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে।

৭ এপ্রিল মঙ্গলবার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরুর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ এ স্মারকলিপি দেয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, মুক্তিযোদ্ধা সংসদের একটি স্মারকলিপি পেয়েছি, তা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়