News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৮, ১৯ জানুয়ারি ২০২০

রামপুরা ট্র্যাজেডি: নিহতের সংখ্যা বেড়ে ১২

রামপুরা ট্র্যাজেডি: নিহতের সংখ্যা বেড়ে ১২

ঢাকা: রামপুরায় ঝিলপাড়ে টিনশেড দোতলা বাড়ি দেবে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। বুধবার বিকেলে এ ঘটনায় নিহতদের মধ্যে আখের রস বিক্রিতা নিজাম উদ্দিন নিজামসহ (৪৫) তার পরিবারের ৪ জন নিহত হয়েছেন। দেবে যাওয়া বাড়িটিতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। দমকলকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

৪ জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে বাড়ির মালিক মনিরুজ্জামান চৌধুরী মনি পলাতক রয়েছে।

রামপুরা থানার এসআই জিয়ারত নিউজবাংলাদেশ.কমকে জানান, নিহত একই পরিবারের ৪ জন হলেন নিজাম উদ্দিন নিজাম (৪৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪০), ছেলের বউ রুকসানা (২০) ও ভগ্নিপতি হারুন-অর-রশিদ হারুন (৫০)। নিহত অপর ব্যক্তিরা হলেন, রিক্সাচালক মিজানুর রহমান (২৫), সাজিদা (১৯) ও সাইফুল ইসলাম (২৪)।

সর্বশেষ রাত সোয়া ৯টায় পাওয়া তথ্য অনুযায়ী নিহত অপর ৪ জন জন হচ্ছে, জাকির (৩৫), রুবিয়া/রোজিনা বেগম (৭০), রুনা (১২) ও রুনার বোন জোৎস্না (১৮)। নিহত অন্য জনের নাম জানা যায়নি।

নিহত নিজাম বরগুনা সদরের খেজুরতলা গ্রামের মেসের খাঁর ছেলে এবং মিজান ঝালকাঠির রাজাপুরের আটাখোলা গ্রামের সাবিল খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, রামপুরার বউবাজার এলাকার আদর্শপাড়ায় ওই দোতলা টিনশেড বাড়িটি পানির উপরে নির্মাণ করা হয়। বিকাল ৩টার দিকে বাড়িটি হঠাৎ দেবে যেতে শুরু করে। নিজাম ও মিজান নিচতলায় থাকতেন। তারা দুপুরে বাসায় ভাত খেতে এসে এই মর্মান্তিক মৃত্যুর মুখে পড়েন।

নিজামের ছেলে সবুর ও বোন শাহনাজ জানান, আখের রস বিক্রেতা নিজাম দুপুর পৌনে দুইটার দিকে ভাত খেতে বাসায় যান। যখন তিনি ভাত খাচ্ছিলেন তখনি বাড়িটি দেবে যেতে থাকে।

আমাদের ঢামেক করেসপন্ডেন্ট জানান, ঢামেক মর্গে নিজাম, কল্পনা, রুকসানা ও মিজানের মরদেহ রাখা আছে।

ফায়ার ব্রিগেডের চারটি ইউনিট উদ্ধার কাজে রয়েছে। উপস্থিত লোকজনের মতে, আরও লাশ উদ্ধার হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়