ফাঁসি কাল: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড আজ রাতে (শুক্রবার) কার্যকর করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “কামারুজ্জামানের ফাঁসি আজ (শুক্রবার) নয়, আগামীকাল শনিবার কার্যকর করা হবে।” একই সময়ে একটি টিভি চ্যানেল আইনমন্ত্রী আনিসুল হকের বরাতে জানায়, আজ রাতে মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে না।
এর আগে সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তাব্যবস্থা হঠাৎ জোরদার করা হলেও পরে তা আবার শিথিল করা হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে কারাগারের মূল গেটের সামনে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যদের।
প্রসঙ্গত, কামারুজ্জামানের স্বাস্থ্যপরীক্ষা করতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কারাগারের ভেতরে যান সহকারী সিভিল সার্জন ডা. আহসান হাবীব। এসময় তার সঙ্গে ছিলেন- লালবাগ জোনের এডিসি মফিজ উদ্দিন, সিনিয়র জেল সুপার ফরমান আলী। পরে রাত সাড়ে ৯টার দিকে তারা কারাগার ত্যাগ করেন।
উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। পরে কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনায়ও (রিভিউ) ফাঁসি বহাল রাখেন আদালত।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








