ইয়েমেন থেকে ঢাকায় ফিরলেন ১১ জন
যুদ্ধবিদ্ধস্ত ইয়েমেন থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে প্রথম দফায় ১১ জন শুক্রবার বিকেলে ঢাকায় ফিরেছেন। তাদের মধ্যে আটজন নারী ও শিশু। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানানো হয়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন।
ঢাকা ফেরত ১১ জনকে ইয়েমেন থেকে ভারতীয় জাহাজে করে জিবুতিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক দিন অবস্থানের পর আজ বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের খরচে জিবুতি থেকে তাঁরা দেশে ফেরেন।
এর আগে ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের জরুরি নিরাপদ স্থানে স্থানান্তর এবং প্রত্যাবাসনের লক্ষ্যে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মাহবুব আলম জিবুতির উদ্দেশে কুয়েত ত্যাগ করেন গত শুক্রবার।
ইয়েমেনে মোট কতোজন বাংলাদেশি আছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ইয়েমেনে তিন হাজার ৬০০ বাংলাদেশি গেছেন। ইয়েমেনে অবস্থান করা বাংলাদেশিরা বলছেন এ সংখ্যা অন্তত ১০ হাজার।
অনেক বাংলাদেশি ওমান বা সৌদি আরবে যাওয়ার জন্য ইয়েমেনকে রুট হিসেবে ব্যবহার করেন। ইয়েমেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা হয়।
জানা গেছে, এ পর্যন্ত ৫৫৩ বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করিয়েছেন। তাদের ফিরিয়ে আনতে সানাতে তিন দিনের জন্য জরুরি বিমান অবতরণের অনুমতি পেয়েছে বাংলাদেশ। জিবুতিতেও বিমান পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইয়েমেনের আকাশ পথের নিয়ন্ত্রণ এখন সৌদি আরবের হাতে থাকায় সৌদি সরকারের কাছে সানাতে বিমান অবতরণের অনুমতি চায় ঢাকা। সৌদি সরকার আগামী ১২, ১৩ ও ১৪ এপ্রিল সানাতে বাংলাদেশের বিমান নেওয়ার অনুমতি দিয়েছে বলে জানা গেছে। এখন ফ্লাইটের সময়সূচি নির্ধারণ করবে বাংলাদেশ সরকার।
বাংলাদেশসহ মোট ২৬টি দেশের নাগরিকদের ইয়েমেন থেকে উদ্ধারের আবেদন পায় ভারত। এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন।
প্রসঙ্গত, শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে সুন্নি প্রধান কয়েকটি দেশ ইয়েমেনে সামরিক অভিযান চালাচ্ছে। এর মধ্যেই আটকা পড়েছে সে দেশে থাকা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা।
ভারতের সহায়তায় এর আগেও কয়েক দফায় বিমান ও জাহাজে করে ৫০ বাংলাদেশিকে জিবুতিতে সরিয়ে আনা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








