News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৫, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৫৫, ২৭ ডিসেম্বর ২০২৫

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনে নিহত ১, জীবিত উদ্ধার ১৫

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনে নিহত ১, জীবিত উদ্ধার ১৫

ছবি: সংগৃহীত

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের একটি জাহাজে ভয়াবহ আগুন লাগে। এতে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। অপরদিকে, জাহাজের ক্রুসহ ১৫ জনকে ট্রলার ও স্পিডবোটে করে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। নিহত নুর কামাল (৩৫) ওই জাহাজের কর্মচারী ছিলেন এবং অগ্নিকাণ্ডের সময় একটি কক্ষে ঘুমাচ্ছিলেন।

জাহাজ যাত্রী পরিবহনের জন্য ঘাটে নোঙর করতে যেতেই হঠাৎ আগুন লাগে। নদীর মোহনায় দাও দাও করে জ্বলতে থাকে জাহাজটি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কোস্টগার্ড এবং প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, নিহত কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সি ক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ১৯৪ জন পর্যটকের জন্য আজ জাহাজে থাকা পরিকল্পিত ছিল। তবে কেউ জাহাজে উঠেননি, ফলে কেউ হতাহত হননি। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ূন: পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর থেকে সেন্ট মার্টিন-কক্সবাজার রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক পরিবহনের জন্য ৬টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়