News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৬, ২৬ ডিসেম্বর ২০২৫

দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

ছবি: সংগৃহীত

শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকা ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলের পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে। সন্ধ্যার পর কুয়াশা এতটাই তীব্র আকার ধারণ করে যে নৌপথের চ্যানেল বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে ফেরি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

কুয়াশার কারণে নৌপথ বন্ধ হওয়ার সময় শাহ মখদুম, এনায়েতপুরী ও ভাষা শহীদ বরকত নামের তিনটি ফেরি মাঝ নদীতে আটকে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার তীব্রতা কমে এলে এবং দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ততক্ষণ পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় এলেই নিরাপত্তা নিশ্চিত করে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

উল্লেখ্য, দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে প্রতিদিন যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট-বড় মিলিয়ে নয়টি ফেরি নিয়মিত চলাচল করে। কুয়াশাজনিত এই সাময়িক বন্ধে ঘাট এলাকায় যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়