হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অবস্থান নিয়েছে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। অবস্থান চলাকালীন তারা যান চলাচল বন্ধ করে দেন এবং প্রয়োজনে রাত্রি অবস্থানেরও ঘোষণা দেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
এই সময়ে তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, শহীদ হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপন করা হবে।
এদিন সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে দেশব্যাপী বাদ জুমা দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: বাবার কবরের পাশেই শেষ ঠিকানা চেয়েছিলেন হাদি
শহীদ শরিফ ওসমান হাদি একজন বাংলাদেশি রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক ছিলেন। তিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণা দেন। হাদি জুলাই শহিদদের অধিকার রক্ষা, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।
গত ১২ ডিসেম্বর (শুক্রবার) নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও জনতাও উপস্থিত ছিলেন। তারা অবরোধ চলাকালীন বিভিন্ন স্লোগান দেন এবং শহীদ হাদির হত্যার বিচার দাবি করে আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত থাকেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








