টানা ৪ দফায় বাড়লো সোনার দাম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে টানা চতুর্থবারের মতো সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা অপরিবর্তিত রয়েছে।
বিশ্ববাজারে চলমান অস্থিরতার প্রভাবেও সোনার দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তির দিকে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৭৫ ডলার ছাড়িয়েছে।
আরও পড়ুন: ১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
উল্লেখ্য, এর আগে জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও রেকর্ড পরিমাণে সোনার দাম বেড়েছিল। ২৯ জানুয়ারি একদিনেই ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








