News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৮, ২২ ডিসেম্বর ২০২৫

৫ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা

৫ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা

ফাইল ছবি

একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই ব্যাংকগুলোর ওপর মালিকদের কর্তৃত্ব শেষ হলো।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্পদ ও দায় (অ্যাসেট–লাইবিলিটি) সম্মিলিত ইসলামী ব্যাংকে হস্তান্তরের পথে আর কোনো আইনি বা নীতিগত বাধা রইল না।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, একীভূতকরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বেশ কিছু ধাপ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই পাঁচ ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্পদ ও দায় হস্তান্তর সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে।

আরও পড়ুন: আজ-কালের মধ্যেই বদলাচ্ছে একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড

অন্যদিকে, ক্ষতিপূরণ সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী সময়ে আলাদাভাবে জানানো হবে, বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে, গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলে বাংলাদেশ ব্যাংক জানায়, সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করা হবে। তবে পুঁজিবাজারে থাকা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয় অর্থ মন্ত্রণালয় বিবেচনা করবে।

এই পদক্ষেপের মাধ্যমে পাঁচ ব্যাংকের মালিকরা আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর পরিচালনা ও কর্তৃত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন এবং সম্পদ–দায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়া আরও নিশ্চিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়