শনিবারও ব্যাংক খোলা
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।
নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর। তবে এর আগে টানা তিন দিনের ছুটিতে পড়ছে দেশ। ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষ্যে সরকারি ছুটি এবং এরপর ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়।
নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের নির্ধারিত জামানতের অর্থ এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা অবশ্যই ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকলে প্রার্থীদের পক্ষে এই অর্থ জমা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে এমন জটিলতার কথা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয় নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর সারা দেশের সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে।
আরও পড়ুন: ৫ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা
এর ফলে প্রার্থীরা ওই দিন প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে মনোনয়নপত্রের জন্য আবশ্যক কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি শনিবার ব্যাংকগুলো খোলা রাখতে, যাতে মনোনয়নপত্র দাখিলের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো ব্যাংকিং লেনদেন প্রার্থীরা বা তাঁদের প্রতিনিধিরা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন।
তিনি আরও জানান, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় জামানতের অর্থ পরিশোধে কোনো ধরনের সংকট তৈরি হোক—এটা নির্বাচন কমিশন চায় না।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, পশুর হাটে বিক্রেতাদের অর্থ জমা এবং ঈদের মতো বিশেষ প্রয়োজনে অতীতেও ছুটির দিনে ব্যাংক খোলা রাখা হয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং ছুটির দিনে কর্মরত ব্যাংক কর্মকর্তাদের আনুপাতিক হারে অতিরিক্ত ভাতা প্রদানের বিধান রয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও প্রস্তুতির কাজে ব্যস্ত সময় পার করছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








