News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০০, ২৩ ডিসেম্বর ২০২৫

ভরিতে প্রায় ৪ হাজার টাকা বাড়ল সোনার দাম

ভরিতে প্রায় ৪ হাজার টাকা বাড়ল সোনার দাম

ছবি: সংগৃহীত

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে, সর্বশেষ গত ২১ ডিসেম্বর সোনার দাম সমন্বয় করে বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

উল্লেখ্য, চলতি বছরে মোট ৮৮ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬১ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। আর ২০২৪ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট ৬২ বার—যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়