News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৩, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:০৯, ১ ফেব্রুয়ারি ২০২০

বর্ষবরণে নিপীড়ন, এবার গণনারী জমায়েতের ডাক

বর্ষবরণে নিপীড়ন, এবার গণনারী জমায়েতের ডাক

ঢাকা: বর্ষবরণ উৎসবে নারী নির্যাতনের প্রতিবাদে ও নিপীড়কদের শাস্তির দাবিতে এবার গণনারী জমায়েতের ডাক দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসিতে এ জমায়েত অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী শিরিন বানু মিতিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতি আরা নাসরীন, চলচ্চিত্রকার শামিম আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরমিন্দ নীলোর্মি ও সঙ্গীতশিল্পী ও সংস্কৃতিকর্মী কৃষ্ণকলি ইসলাম এ জমায়েতের ডাক দিয়েছেন।

এসময় প্রতিবছর পহেলা বৈশাখের দিনটিকে যৌন নিপীড়নের বিরুদ্ধে গণনারী জমায়েতের দিন হিসেবে ঘোষণারও আহ্বান জানান তারা।

জমায়েত প্রসঙ্গে আয়োজকরা জানান, টিএসসি এলাকায় যৌন নিপীড়নের কমপক্ষে ২০টি ঘটনার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশের নির্লজ্জ, নীরব ভূমিকা আমাদের হতবাক করেছে।

তারা জানান, ঘটনার পরবর্তীতে ডিবি পুলিশ প্রধান বলেছেন, ‘টিএসসি এলাকায় বিবস্ত্র করার কোনো ঘটনা ঘটেনি। ধাক্কাধাক্কির কিছু ঘটনা ঘটেছে মাত্র।’ কিন্তু একাধিক সিসি টিভি ক্যামেরায় যৌন নিপীড়নের স্পষ্ট প্রমাণ থাকার পরেও পুলিশ প্রশাসনের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নারী সমাজের জন্যে কেবল অবমাননাকরই নয়, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য যৌন সহিংসতাকে আরো উৎসাহিত করবে।

তারা আরও বলেন, “নারীর উপর যৌন সহিংসতার ঘটনা যদিও এই সমাজে নতুন নয়, বর্ষবরণ উৎসবে আমরা এই সহিংসতার যে বীভৎস প্রকাশ দেখেছি, তার বিরুদ্ধে নারী হয়ে এবং সর্বোপরি সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে, নীরব দর্শক হয়ে বসে থাকার আর কোনো সুযোগ নেই। বরং যৌন সহিংসতার বিরুদ্ধে এখনি পাল্টা আঘাত হানতে না পারলে, ঘরে বাইরে, কর্মক্ষেত্রে, উৎসবে সর্ব ক্ষেত্রেই নারীর প্রতি এই সহিংসতার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।”

দল, মত, গোষ্ঠী, রাজনৈতিক দলের উর্দ্ধে গিয়ে গণনারী জমায়েতে যোগদানের আহ্বান জানান আয়োজকরা।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়