দলকে সেঞ্চুরি উৎসর্গ সাব্বিরের
ঢাকা: সেঞ্চুরি নয়, দল জিতেছে এজন্যই বেশি আনন্দিত সাব্বির রহমান। ১৫ বছর পর পাকিস্তানকে হারানোর প্রধান পাণ্ডব তিনি, কিন্তু এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না টাইগার অলরাউন্ডার। বরং ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিকে দলকে উৎসর্গ করছেন তিনি।
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারানোর পর সাব্বির বলেন,“প্রস্তুতি ম্যাচ হলেও এটি আমার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। নিজের সেঞ্চুরির চেয়ে দলের জয়ের কারণেই বেশি আনন্দিত আমি। আমার সেঞ্চুরি দলের জন্য উৎসর্গ করলাম।”
পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে ৮৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাব্বির। তার ১২৩ রানের নান্দনিক ইনিংসটিতে ৭টি বাউন্ডারি ও ৮টি ছক্কার মার রয়েছে। নিজের ইনিংস নিয়ে সাব্বির আরো যোগ করেন,“পাকিস্তানের বোলিং অনেক ভালো। তারপরও ঝুঁকি নিয়ে ব্যাটিং করেছি। ভালো লাগছে যে ভালো ইনিংস খেলতে পেরেছি। ব্যাটিংয়ের সময় ইমরুল ভাই আমাকে দারুণ ভাবে সাহায্য করেছেন।”
হারের পর প্রতিপক্ষ দলের খেলোয়াড় মোহাম্মদ হাফিজ সাব্বিরের পিঠ চাপড়ে দিয়েছেন। পাক ওপেনার জানান, তার দেখা অন্যতম সেরা একটি সেঞ্চুরি। কিন্তু বিষয়টি নিয়ে সাব্বির বললেন,“আমার কাছে ওরকম কিছু মনে হয়নি। প্রস্তুতি ম্যাচে আমরা জিতেছি। ওয়ানডেতেও ভালো খেলে জিততে চাই। বিশ্বকাপে ভালো খেলার কারণেই আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। এখন সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








